ঝিনাইদহকে আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ রাশেদ খাঁনের

মাদকসেবী ও কারবারীদের নির্মূল, সামাজিক নিরাপত্তাবেষ্টনী জোরদার এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে ঝিনাইদহকে একটি আদর্শ জেলা গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের পাবলিক হেলথ জামে মসজিদে জুমার নামাজের পূর্বে খুতবা-পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, আমরা এমন একটি জেলা দেখতে চাই, যেখানে কোনো প্রকার সামাজিক অনাচার, দুর্নীতি ও বিশৃঙ্খলা থাকবে না। জেলার প্রতিটি নাগরিক যেন সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা পায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ধ্বংস ডেকে আনছে। মাদকসেবী ও কারবারী উভয়কেই সমাজের স্বার্থে প্রতিহত করতে হবে। মাদকমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার মাধ্যমেই কেবল জেলার সার্বিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মসজিদ কমিটির সভাপতি ডা. হাসানুজ্জামান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
