logo

সম্পত্তির বিরোধে খাবারে বিষ মেশানোর অভিযোগ, মারা গেল ৫ গরু

সম্পত্তির বিরোধে খাবারে বিষ মেশানোর অভিযোগ, মারা গেল ৫ গরু
চাঁদপুরে সম্পত্তির বিরোধে খাবারে বিষ মেশানোর অভিযোগ, মারা গেল ৫ গরু

চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আকবর গাজীর গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পাঁচটি গরুর মৃত্যু এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।

Advertisement

খামারের মালিক আকবর গাজী ও তার ভাই কবির গাজী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে তাদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাদের সন্দেহ। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে।

তারা জানান, প্রতিটি গরু দৈনিক ৩০ থেকে ৩৫ কেজি দুধ দেয়। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনাস্থল থেকে জবাই করা গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত ও সংগৃহীত নমুনা পরীক্ষার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তবে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগের বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার প্রতিবেদন ও তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হবে।

এ ঘটনায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম‌এন জামিউল হিকমা বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এটি বিষক্রিয়া কি না, তা প্রাণিসম্পদ দপ্তর নিশ্চিত করলে আমরা ব্যবস্থা নেব। তিনি আরও জানান, মৃত পাঁচটি গরুর বাজারমূল্য আনুমানিক সাত লাখ টাকা।