logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রচণ্ড ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়ার নৌরুটে ফেরি চলাচল।

শনিবার (২৮ মার্চ) সকাল ৬টা ৫০ মিনিটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল আবারও শুরু হয়।

এর আগে একই দিন রাত ৩টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে ঝড়ো আবহাওয়া শুরু হলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। প্রায় ৩ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকার সময় উভয় ঘাটে বেশ কয়েকটি ফেরি নিরাপত্তার জন্য নোঙর করে রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় এ সময় যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ হয়ে পড়ে। ফলে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের দুই প্রান্তে যাত্রী ও পরিবহন চালকদের সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, বৈরী আবহাওয়ার কারণে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।