logo

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে মন্তব্য, যুবক আটক

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে মন্তব্য, যুবক আটক
বুড়িচং থানা, কুমিল্লা। ছবি: এশিয়া পোস্ট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নাজমুল হাসান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হারিজ মিয়া।

জানা গেছে, ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন নাজমুল হাসান। পরে সোমবার বুড়িচং থানার পরিদর্শক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হাসানকে আটক করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান ফেসবুকে ওই মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।