logo

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত
সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : এশিয়া পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (এনআরবি) ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজশাহী রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া আরএনবির সদস্যরা হলেন- আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।

এছাড়া রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তদন্ত কমিটিতে রয়েছেন, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রোববার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে।

এদিকে ঘটনার দিন শিক্ষার্থীদের অবস্থান ও অবরোধের কারণে রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে রেল যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটে। তবে সোমবার সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে অন্যান্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন গন্তব্যের ট্রেন রাজশাহী ছেড়ে যাচ্ছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। তদন্ত কমিটি ঘটনাটির সার্বিক বিষয় পর্যালোচনা করে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।