রামমোহন তমিজিয়া উচ্চবিদ্যালয় জাতীয়করণের আশ্বাস ইউএনওর

কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী রামমোহন তমিজিয়া উচ্চবিদ্যালয় জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯২৬ সালে জুনিয়র স্কুল হিসেবে যাত্রা শুরু করে রামমোহন তমিজিয়া উচ্চবিদ্যালয়। পরে ১৯৪৬ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি বরুড়া উপজেলার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। স্থানীয় শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন বক্তারা।
পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়ে ইউএনওর সহযোগিতার আশ্বাসে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বিদ্যালয়টির জাতীয়করণের উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ ছাড়া বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম বিদ্যালয়ের পানি নিষ্কাশনের ব্যবস্থা ও নতুন ভবনের জন্য নতুন টেবিল ও চার তলা ভবনের বাকি কাজ দ্রুত সম্পূর্ণ করবেন বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। বিদ্যালয়ের সভাপতি ফাহিম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন। তথ্য সংগ্রহে ছিলেন গোপালনগর আলোকিত যুব সংঘের আহ্বায়ক ও রামমোহন বার্তার সম্পাদক সুমন রানা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
-bb642a.jpg)