logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ, ভোটের অপেক্ষায় ভোটাররা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ, ভোটের অপেক্ষায় ভোটাররা
নির্বাচন কমিশনের লোগো। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে শেষ হয়েছে নির্বাচনি প্রচার কার্যক্রম। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় প্রচারের সময়সীমা শেষ হওয়ার পর থেমেছে মাইকের আওয়াজ, মিছিল ও সভা-সমাবেশ। এখন ভোটগ্রহণের অপেক্ষায় প্রার্থী ও সমর্থকেরা।

আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্ধারিত হবে এই আসনের জনপ্রতিনিধি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নির্বাচন কমিশন জানায়, আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন এশিয়া পোস্টকে বলেন, নির্বাচনে কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে। নির্বাচনের ফলাফল যে পক্ষেরই হোক, সবাই তা মেনে নেবেন বলে প্রত্যাশা। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব।

বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া এশিয়া পোস্টকে বলেন, নির্বাচনি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রচার-প্রচারণা শেষ হওয়ায় এখন ভোটের দিনের অপেক্ষায় প্রার্থী ও তাদের সমর্থকেরা। অন্যদিকে, শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার প্রত্যাশা ভোটারদের। সব প্রস্তুতি শেষে আগামী ২৯ অক্টোবর সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ। ভোটের মধ্য দিয়েই নির্ধারিত হবে ঠাকুরগাঁও-১ আসনের পরবর্তী জনপ্রতিনিধি।