ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যাওয়া ১০ বছর বয়সী ছেলে মাহিনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ময়নুল হক (৩৬)।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার ৩০ মিনিট পর তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মৃত ময়নুল হক বোনারপাড়া ইউনিয়নের ছাটকালপানি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
সাঘাটার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহিম আলী জানান, প্রতিদিনের মতো শনিবারও ছাটকালপানি গ্রামের ময়নুল হক ও তার ১০ বছরের ছেলে মাহিন তেলিয়ান বিলে পেলি জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে গোসল করার সময় ময়নুলের ছেলে মাহিন পানিতে ডুবে যেতে লাগলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান বাবা ময়নুল। ছেলেকে বাঁচাতে পারলেও একপর্যায়ে ময়নুল নিজেই পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা সাঘাটা উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় নিখোঁজ ময়নুলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
এ বিষয়ে সাঘাটা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং নিখোঁজ ময়নুল হকের মরদেহ উদ্ধার করে।


