logo

সীমান্তে কোটি টাকার দুষ্প্রাপ্য পাথরের খণ্ড ও মূর্তি উদ্ধার

সীমান্তে কোটি টাকার দুষ্প্রাপ্য পাথরের খণ্ড ও মূর্তি উদ্ধার
উদ্ধার করা পাথর ও মূর্তি। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে দুষ্প্রাপ্য কষ্টি, বেলে ও শ্বেত পাথরের খণ্ড ও মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পাথরের খণ্ড ও মূর্তির মূল্য এক কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

বিজিবি জানায়, বুধবার রাত ২টা ১৫ মিনিটে বিজিবির একটি যৌথ দল দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার তেনাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের খণ্ড উদ্ধার করা হয়।

এরপর ভোর ৪টা ৩০ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দোহর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৮৭ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলে পাথরের খণ্ড, ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি শ্বেত পাথরের খণ্ড এবং ৩৫ কেজি ৬০০ গ্রামমের কষ্টি পাথরের খণ্ড, ১৬ কেজি ৮০০ গ্রামের কষ্টি পাথরের মূর্তি ও ১৮ কেজি ৬০০ গ্রাম ওজনের কষ্টি পাথরের খণ্ড উদ্ধার করা হয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার করা পাথরের খণ্ড ও মূর্তি প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা ও প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাবে।