তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু
তুরাগ নদ। গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে তোলা। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদসংলগ্ন তুরাগ নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো—জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে শামীম এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান।

তারা পরিবারের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। দুজন টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

পুলিশ জানায়, সকালে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানির প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা শিপন নামের অপর এক শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পায়।

পরে সে এবং স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ডুবুরি দল নদীর তলদেশ থেকে শামীম ও আফনানের মরদেহ উদ্ধার করে।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

বিষয় :গাজীপুর