logo

বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে শিশুর বস্তাবন্দি মরদেহ

বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে শিশুর বস্তাবন্দি মরদেহ

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের এক দিন পর তাবাসসুম নামে চার বছর বয়সি এক কন্যাশিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে তার পরিবার কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাবাসসুমের বাবা নজরুল ইসলাম স্থানীয় একটি দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে বাদুরগাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের মাঠে যাওয়ার সময় রক্তমাখা একটি বস্তা দেখতে পান। সন্দেহজনক হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে শিশুটির লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।