logo

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা
হামলার শিকার সাংবাদিক হোসাইন আলী বাবু। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে স্টার নিউজের সাংবাদিক হোসাইন আলী বাবুর ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে চৌরাস্তা পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক হোসাইন আলী বাবু। লাইভ শেষ করে গাজীপুরের চৌরাস্তা পুলিশ বক্সে বসে কাজ করার সময় অতর্কিত হামলা চালায় এক যুবক। চিৎকারের শব্দে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এক পুলিশ সদস্য।

পুলিশ জানায়, স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্তের নাম মোহাম্মদ জুয়েল। ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ভুক্তভোগী সাংবাদিক হোসাইন আলী বাবু বলেন, আমি সকাল থেকে চৌরাস্তায় কাজ করছিলাম। হামলাকারী বেশ কয়েকবার এসে আমার নাম জিজ্ঞেস করেছে। কিন্তু ব্যস্ত থাকায় তার সঙ্গে কথা বলতে পারিনি। আমি যখন পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলাম তখন লোকটি এসে হঠাৎ করে আমার ওপর হামলা চালায়।

প্রকাশ্যে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন গাজীপুরের পেশাদার সাংবাদিকরা। দ্রুত সময়ের মধ্যে হামলার পেছনের রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে মনে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি জানিয়েছেন তার মা হাসপাতালে ভর্তি। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি।