১০ বছর বয়সেই কোরআনের হাফেজ আশ্রাফ

মাত্র ১০ বছর বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে মো. আশ্রাফ আহমেদ নবীন। দীর্ঘ ১ বছর ৯ মাস ১০ দিনের অধ্যবসায়ে কোরআন মুখস্থ করে এ কৃতিত্ব অর্জন করেছে সে। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও মাদ্রাসার সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
আশ্রাফ আহমেদ নবীন চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। সে চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদী ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদ্রাসার হিফজ বিভাগ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মাদরাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ জানুয়ারি পবিত্র কোরআন হিফজ শুরু করে আশ্রাফ। পরে চলতি বছরের ২৮ অক্টোবর ৩০ পারা হিফজ সম্পন্ন করে সে। মাদ্রসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহর তত্ত্বাবধানে তার হিফজ কার্যক্রম সম্পন্ন হয়।
মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব। এটি হেদায়েতের আলো, সত্য-মিথ্যার পার্থক্যকারী এবং মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। মহান আল্লাহ নিজেই কোরআন নাজিল করেছেন এবং এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন।
তিনি আরও বলেন, যুগে যুগে অসংখ্য হাফেজ, কোরআনের শিক্ষক ও আলেম কোরআনের মূল আরবি পাঠ সংরক্ষণে অবদান রেখে চলেছেন। মাত্র ১০ বছর বয়সে মহান আল্লাহর রহমতে আশ্রাফের ৩০ পারা হিফজ সম্পন্ন করা আমাদের জন্য আনন্দের বিষয়। তার এ অর্জনের পেছনে রয়েছে অধ্যবসায়, মা-বাবার সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা।
মাছুম বিল্লাহ বলেন, আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন আশ্রাফকে পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দেন এবং দ্বীন ও মানবতার সেবায় নিয়োজিত রাখেন।