মাছ ধরা দেখার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু, শিশুসহ আহত ১২

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে মিলন মিয়া নামে এক যুবক ও আবু তালেব নামে এক বৃদ্ধ মারা গেছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড়হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মৃতরা হলেন, উপজেলার রামেশ্বরপাড়া গ্রামের মাঝিপাড়ার গ্রামের মিলন মিয়া এবং সখীপুর গ্রামের আবু তালেব।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে সখীপুর গ্রামের একটি মৎস্য খামারে জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল। এ সময় জেলেরা সেখানে মাছ ধরতে নামেন এবং স্থানীয় কয়েকজন খামারের পাড়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলেন। বজ্রসহ বৃষ্টি শুরু হলে সবাই ছোটাছুটি শুরু করেন।
ঘটনাস্থলে কয়েকজন দগ্ধ ও আহত হন। স্থানীয়রা মিঠাপুকুর ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় গ্রামবাসী আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মিলন মিয়া ও আবু তালেবকে মৃত ঘোষণা করেন।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এম এ হালিম লাভলু জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।