logo

১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের যে সকল নদী খনন দরকার এবং যে সকল জলাশয় দখল রয়েছে সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষ ও প্রশাসনসহ কিছু মন্ত্রণালয়কে সাথে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড় জেলা প্রশাসনের এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজারের বেশি মাইলের যে খাল খনন করেছিলেন, সেই খাল খনন কর্মসূচিকে আবারও আগামী ১৫ দিনের মধ্যে সামনে আনা হবে। একই সঙ্গে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও করা হবে।

আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী নেতারা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।