logo

স্ত্রীকে হত্যার পর শিশুসন্তানকে নিয়ে থানায় স্বামীর আত্মসমর্পণ

স্ত্রীকে হত্যার পর শিশুসন্তানকে নিয়ে থানায় স্বামীর আত্মসমর্পণ

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় স্ত্রীকে হত্যার পর নিজের শিশুসন্তানকে কোলে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী জহিরুল ইসলাম। পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি স্ত্রীকে হত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

রোববার (১৫ মার্চ) পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

ওসি মোস্তফা বলেন, ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করেন জহিরুল। আহত অবস্থায় স্ত্রীকে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সন্তানকে কোলে নিয়ে জহিরুল থানায় এসে থানায় আত্মসমর্পণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গা মাদ্রাসা গেট এলাকার একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকার আব্দুল মান্নানরে মেয়ে। জহিরুল ইসলামের স্থায়ী ঠিকানাও একই এলাকায় বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে পতেঙ্গার ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

ওসি মোস্তফা আহমেদ জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পারিবারিক কোনো বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে জহিরুল পুলিশ হেফাজতে আছেন। মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে পদক্ষেপ নেওয়া হবে।