logo

হারানো ৫১৭টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

হারানো ৫১৭টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
সংবাদ সম্মেলনে কথা বলেন নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে এবং ভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ নভেম্বর) দুপুরে নওগাঁর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, মান্দা উপজেলার রঘুনাথপুর এলাকার আরিফ হোসেনের বাড়িতে মাদকের বড় চালান রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজাসহ আরিফ হোসেনকে (৩০) আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে মোশাররফকে (৩৩) আটক করা হয় এবং তার হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর মহাদেবপুর ও বদলগাছী থানা এলাকায় ধারাবাহিক অভিযানে শিলং (২৩) ও আরাফাতকে (২৩) গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পুলিশ চার অভিযানে মোট ২৪ কেজি গাঁজা জব্দ করে।

পুলিশ আরও জানায়, গত ২৬ নভেম্বর বাহাদুর নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন যে, মধু বিক্রির কথা বলে প্রতারক চক্র নওগাঁ শহরের গোস্তহাটি থেকে তার একমাত্র আয়ের উৎস ভ্যানটি ভাড়া নেয়। এরপর চালককে কৌশলে সরিয়ে তারা ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ প্রযুক্তিগত সহায়তায় নাটোর থেকে চোরাই ভ্যানসহ চোর চক্রের মূলহোতা মো. সালাম (৪৮) ও তার ছেলে মো. নয়নকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত এক মাসে বিশেষ অভিযান চালিয়ে ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট ৫১৭টি হারানো বা মিসিং মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিবসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।