চাঁদপুরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
চাঁদপুরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক
অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাফি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার নারায়ণপুর পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৭ জুলাই) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাফি সোমবার দুপুরে চার বছর বয়সি ওই শিশুকে বাড়ির কাছের রাস্তার পাশে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে রাফিকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিকের বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় :চাঁদপুর