Advertisement

খাদ্যে ভেজাল, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
খাদ্যে ভেজাল, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করছেন। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুর শহরের পাল বাজারে জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না রাখার দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পাল বাজারে এ তদারকি অভিযান চালানো হয়।

অভিযানে ঘোষের দোকানকে ৫ হাজার টাকা, মেসার্স সাঈদ স্টোরকে ৩ হাজার টাকা এবং রাজি শপকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘোষের দোকানে জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহারের প্রমাণ এবং মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স সাঈদ স্টোরে মূল্য তালিকা অনুপস্থিতি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ হাজার টাকা এবং রাজি শপে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা দেন।

অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তাস্বার্থ সংরক্ষণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে বাজারে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিষয় :