অতিবর্ষণে সাতক্ষীরার ৩৮ প্রাথমিক বিদ্যালয় বন্ধ

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
অতিবর্ষণে সাতক্ষীরার ৩৮ প্রাথমিক বিদ্যালয় বন্ধ
সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভা। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরায় অতিবর্ষণ ও জলাবদ্ধতায় ৩৮ প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে বলেজানিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজার হেক্টর জমির আউশ ধান।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

এর আগে, জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

সভায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, অবৈধ ক্লিনিক বন্ধ, বাস টার্মিনাল স্থানান্তর, যানজট নিরসনে বাস থামার স্থান চিহ্নিতকরণ, মাদকবিরোধী অভিযান ব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জানানো হয়, চলমান অতিবর্ষণে ১২৭টি মাছের ঘের ভেসে গেছে, যার আনুমানিক ক্ষতি অর্ধকোটি টাকা। তবে সাতক্ষীরা জেলায় এখন বন্যা হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়। আগামীতে দুর্যোগ এলে তা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে জানায় জেলা প্রশাসন।