Advertisement

বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আইনজীবী নিহত
নিজাম উদ্দিন শান্ত। ছবি : সংগৃহীত

বাগেরহাট শহরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাত ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন শান্ত (৪২) বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

পুলিশ জানায়, রাতের দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন নিজাম উদ্দিন শান্ত। স্থানীয়দের দেওয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোনকলের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আরেফিন বলেন, রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

বিষয় :বাগেরহাট