কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে বৃদ্ধ নিহত

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মো. সেলিম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ৪নং ওয়ার্ডের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর এলাকায় কিশোর গ্যাংয়ের পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিবেশী মো. সেলিম মারামারি থামাতে এবং কিশোরদের শান্ত করতে এগিয়ে যান। কিন্তু উত্তেজিত কিশোররা তাকে লক্ষ্য করে লাঠি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে মো. রাজু (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক রাজু ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত মো. রাজু নামে এক কিশোরকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।