logo

জামালপুরে ভোটকেন্দ্র এলাকায় টাকা-অস্ত্রসহ আটক ৭

জামালপুরে ভোটকেন্দ্র এলাকায় টাকা-অস্ত্রসহ আটক ৭

জামালপুর সদর (জামালপুর-৫ সংসদীয় আসন) উপজেলার মিরাপুর এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে টাকা ও দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় প্রথমে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি ভোটকেন্দ্রের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা অটোরিকশাটি আটক করেন ও বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে নুরুন্দি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই সাতজনকে হেফাজতে নেয়। পরে তাদের দেহ তল্লাশি ও অটোরিকশা তল্লাশি করে নগদ প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন, কিছু ভোটার স্লিপ এবং অটোরিকশার সিটের নিচ থেকে একটি দেশীয় তৈরি দা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে এ ঘটনায় রাজনৈতিক বিতর্কও দেখা দিয়েছে। স্থানীয় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক ব্যক্তিরা জামায়াতের কর্মী। অন্যদিকে জামায়াতের স্থানীয় নেতারা দাবি করেছেন, আটকরা তাদের সংগঠনের কেউ নন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিষয়টি তদন্ত করা হচ্ছে।