logo

মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে যুবকের পায়ের রগ কেটে হত্যাচেষ্টা

মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে যুবকের পায়ের রগ কেটে হত্যাচেষ্টা

ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নে ইকবাল শেখ নামে এক যুবককে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিয়া মন্ডল নামে একজনকে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত যুবক ওই ইউনিয়নের ওয়েজউদ্দীন ফকিরের ডাঙ্গী গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। জিয়া মন্ডল পাশের আলিমউদ্দিনের ডাঙ্গী গ্রামের ওয়াহিদ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাচেষ্টাকারী জিয়া মন্ডল মাদক কারবারি হিসেবে পরিচিত। মাদক কারবার নিয়ে ইকবাল শেখের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে গত কয়েক দিন তাকে হুমকি দেওয়া হচ্ছিল।

পুলিশ জানায়, হাটের পাশে একটি বাগানে গোঙানির শব্দ পেয়ে ছুটে যান কয়েকজন। তারা ইকবাল শেখের গলা ও দুই পায়ের রগ কাটা অবস্থায় দেখতে পান। সেখান থেকে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন জিয়া মন্ডলসহ দুইজন। দ্রুত পালাতে গিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে পা ভেঙে যায় জিয়া মন্ডলের। তাকে গণপিটুনি দেওয়া হয়। তার সঙ্গে থাকা আরকেজন পালিয়ে যায়। পরে ইকবাল শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইকবাল শেখের ভাই রফিক শেখ সাংবাদিকদের মুঠোফোনে বলেন, আমার ভাইয়ের অবস্থা ভালো নেই। তাকে রক্ত দেওয়া লাগছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে কারণ জানা যাবে।