logo

সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রুট পারমিট থাকায় সাতক্ষীরা থেকে আরিচা হয়ে ঢাকাগামী কিছু পরিবহন চলাচল করছে। ছবি : এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের কারণে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এতে ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

Advertisement

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রোববার ও সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকবে। তবে রুট পারমিট থাকায় বিকল্প হিসেবে আরিচা হয়ে ঢাকাগামী কিছু পরিবহন চলাচল করছে।

ইমাদ পরিবহনের কাউন্টার ম্যানেজার সুকুমার বলেন, ইমাদ, টুঙ্গিপাড়া, সোহাগ, এমআর ও এসপি গোল্ডেনসহ বিভিন্ন পরিবহনের পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে বাস চলাচল স্বাভাবিক হবে কি না, সে বিষয়ে পরিস্থিতি বিবেচনায় নতুন সিদ্ধান্ত জানানো হবে।

পারুলিয়ার নিউ পরিবহন কাউন্টারের পরিচালক আল ইমরান শিমুল বলেন, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে খুলনা-গোপালগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। সেই সঙ্গে ঢাকায় পৌঁছাতে বেশি সময় লাগছে।

পরিবহনচালক ফরহাদ হোসেন বলেন, আমরা সর্বদা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে গন্তব্যে পৌঁছাই। কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প পথে যাত্রীসেবা দেওয়া হচ্ছে। আমরা খুব আতঙ্কিত-না জানি চলতি পথে যাত্রীদের কোনো বিপদে পড়তে হয়।

সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মামুন হোসেন জানান, জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সাতক্ষীরা থেকে যশোর, খুলনা, আশাশুনি ও শ্যামনগর রুটে যাত্রীবাহী বাস চলাচলে কোনো সমস্যা নেই। তবে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় ওই রুটের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট