জিয়াউর রহমানের দেখানো পথে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে: হুইপ অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করছে বর্তমান সরকার। সেই ধারাবাহিকতায় সরকার সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে।
গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দশম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদের এই হুইপ বলেন, শরীয়তপুরের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা এবং সমাজের অসংগতি প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিন।
বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সদর এ কে এম নাসির উদ্দিন কালু।
অনুষ্ঠানে জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনা করা হয়।
.png)





