আগামীকাল রাজশাহীতে যাচ্ছেন আজহারি, নগরজুড়ে প্রস্তুতি

জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারির আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজশাহীতে।
শনিবার (২৮ নভেম্বর) নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। এতে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা করবেন ড. মিজানুর রহমান আজহারি।
তাকে একনজর দেখতে ও কোরআনের তাফসির শুনতে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
ওলামা মাশায়েখ পরিষদ, রাজশাহীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। তবে প্রধান আলোচক ড. মিজানুর রহমান আজহারি বাদ মাগরিবের পর আলোচনা করবেন। মাহফিলে আলেম ও মুফাসসিররাও বক্তব্য রাখবেন।
মাহফিলকে ঘিরে ইতোমধ্যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ। মাঠের সাজসজ্জা ও অন্যান্য অবকাঠামোগত কাজও শেষ পর্যায়ে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা এবং প্রবেশের জন্য আলাদা গেট রাখা হয়েছে।
এ ছাড়া মাঠের বাইরেও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি জায়ান্ট স্ক্রিনে মাহফিল সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এলইডি স্ক্রিনের মাধ্যমে মাহফিল দেখার বিশেষ ব্যবস্থার কথাও জানিয়েছেন আয়োজকরা।
ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন জানান, রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
আয়োজকদের প্রত্যাশা, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও দেশের অন্যান্য অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এই মাহফিলে অংশ নেবেন। মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

