logo

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
আটককৃতরা। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁয় সড়ক অবরোধ, যানবাহন চলাচলে বাধা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) রাতে নওগাঁ সদর থানা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—নওগাঁ সদর উপজেলার শেখপুরা এলাকার মঞ্জু ফকিরের ছেলে মানিক ওরফে পাইলট (৩২), মো. হারুনের ছেলে সাজু (৪০) এবং মোজাম্মেল হক মুজার ছেলে হাবিব হোসেন মুন্না (২৮)।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুন বিকেলে নওগাঁ সদর থানার বাইপাস সড়ক সংলগ্ন শেখপুরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী একটি মিছিল বের করে। মিছিলটি থেকে সড়কে বাস চলাচলে বাধা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়।

​নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আটককৃতরা এবং নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিল। তারা সাইবার জগৎ ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল। উসকানিমূলক এসব প্রচারণার পেছনে জড়িত অন্য আসামিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

​পুলিশ সুপার আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা মোকাবিলায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।