logo

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
পুটিজানা ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডল। ছবি: ফেসবুক আইডি থেকে নেওয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়া, শারীরিকভাবে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহ জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত হযরত আলী মন্ডল উপজেলার পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের অনুসারী হিসেবে পরিচিত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এবং নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়ানোর স্পষ্ট অভিযোগের ভিত্তিতে হযরত আলীকে সংগঠনের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তার কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না এবং যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হল।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্থানীয় পুটিজানা ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী। তার স্বামী সম্প্রতি একটি মারামারি মামলায় কারাগারে ছিলেন। সে সময় জামিনে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে হযরত আলী ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান। গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে তিনি ওই নারীর বাড়িতে ঢুকে জোরপূর্বক তাকে শারীরিকভাবে হেনস্তা ও ধর্ষণের চেষ্টা চালান।

এ ঘটনার পর ভুক্তভোগী নারী ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার রাতে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ইতিমধ্যে ঘটনার কিছু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়।

এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল হাসান জানান, থানায় মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত হযরত আলী এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।