দিনাজপুরে একই পরিবারের ৩ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক সেনা সদস্যসহ তার পরিবারের ৩ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীদের বর্তমান শারীরিক অবস্থা, ক্ষতস্থান এবং পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের জুলাই মাসে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় গিয়ে তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত হন।
আক্রান্তরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পাওটানাহাট আদম পাড়ার বাসিন্দা মো. আব্দুল মান্নান, তার স্ত্রী মোছা. স্বপ্না বেগম ও তার ছেলে মো. সুমন ইসলাম। সুমন ইসলাম পার্বতীপুরের খোলাহাটি ক্যান্টনমেন্টের সেনা সদস্য বলে জানা গেছে।
জানা গেছে, জুলাই মাসে ৩ জন গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পাওটানাহাট আদমপাড়ায় গিয়েছিলেন। পরে পার্বতীপুরের খোলাহাটি ক্যান্টনমেন্টে গিয়ে অ্যানথ্রাক্স আক্রান্ত হন। তাদের ক্যান্টনমেন্টের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
পার্বতীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হারুনুজ্জামান বলেন, আমরা রোগী দেখিনি। ক্যান্টনমেন্টের মেডিসিন বিশেষজ্ঞ দেখেছেন এবং তারাই চিকিৎসা দিয়েছেন।
এদিকে গত ৩ সেপ্টেম্বর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভারপ্রাপ্ত পরিচালক ডা. কাজী আহম্মেদ জাকীর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি সরেজমিনে আউটব্রেক ইনভেস্টিগেশনের উদ্দেশ্যে টিম গঠন করা হয়। টিমের সদস্যরা হলেন- আইইডিসিআর উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সৈয়দা তাসনুভা মারিয়া, এফইটিপি ডা. মোস্তফা মাহমুদ, ডা. মেরী হাপাং, মেডিকেল এ্যানথ্রোপলজিস্ট ড. আব্দুল খালেক, মেকেল টেকনোলজিস্ট মো. গোরাম রাব্বানী ও ল্যাব এ্যাটেনডেন্ট মো. জহির। ইতোমধ্যে গত ৫ সেপ্টেম্বর টিমটি দিনাজপুরের পার্বতীপুরে এসে তারা নমুনা সংগ্রহ করেছে।
সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, আমি বিষয়টি অবগত আছি। বিষয়টি নিয়ে আইইডিসিআর কাজ করছে। তাদের একটি অনুসন্ধানী টিম পার্বতীপুরে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। তিনজন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে। বতর্মানে তারা চিকিৎসা নিচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। রোগীদের বর্তমান শারীরিক অবস্থা, ক্ষতস্থানের অবস্থা এবং পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যগত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।