logo
Advertisement

বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ
জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করলেন বিএনপি নেতা। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের কমলনগরে সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি ও ৬ নং পাটোয়ারীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদারের বিরুদ্ধে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভোক্তভোগী জমির মালিক ফরিদ উদ্দিন সৌদি আরব প্রবাসী। তিনি লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদক এবং কমলনগর উপজেলা প্রবাসী ফোরামের সভাপতি।

ফরিদ উদ্দিনের পরিবার জানায়, কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া এলাকায় শনিবার ভোরে বিপুলসংখ্যক শ্রমিক নিয়ে ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয়।

ফরিদ উদ্দিনের দাবি, ২০১৭ সালের ২ জুলাই চর জাঙ্গালিয়া এলাকায় শিফন নামের এক ব্যক্তির কাছ থেকে তিনি জমিটি ক্রয় করেন। পরে ওই জমির পাশেই বাড়ি নির্মাণ করেন আব্দুর রাজ্জাক তালুকদার। এরপর থেকেই তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ফরিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকি। দেশে না থাকার সুযোগ নিয়ে আমার খরিদা জমিতে জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। আমি চাই, প্রশাসন সরেজমিনে বিষয়টি তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ করুক এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুক।

তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরও একই জমি দখলের চেষ্টা করা হয়েছিল। তখন পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে দাবি করেন তিনি।

এদিকে শুক্রবার নির্মাণকাজে বাধা দিতে গিয়ে হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ফরিদের স্ত্রী সাথী বেগম। তিনি বলেন, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমার স্বামী প্রবাসে থাকায় আমাদের অসহায় অবস্থার সুযোগ নেওয়া হচ্ছে। আমার সন্তানকে নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত ঘটনাটি তদন্ত করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক।

সাথী বেগম আরও বলেন, আমার স্বামী কষ্ট করে জমিটি কিনেছেন। সেখানে জোর করে ইটের সীমানাপ্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা করা হচ্ছে। আমরা অচিরেই আইনগত ব্যবস্থা নেব।

ফরিদ উদ্দিন জানান, বিষয়টি কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক দিদার হোসেনকে জানানো হয়েছে। পরে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে তিনি এলাকাবাসীর সহযোগিতা চান। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টেও জমি দখলের অভিযোগ তুলে পোস্ট করেন।

অভিযোগের বিষয়ে আব্দুর রাজ্জাক তালুকদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।