logo

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু হানিফ হাওলাদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ হাওলাদার ওই গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এক প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে হানিফ হাওলাদারের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এ বিরোধের জেরে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আবু হানিফের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান। তবে খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।