সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব

ছোটবেলার স্বপ্ন পূরণে সাইকেলে প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাব উপজেলার তরুণ সজিব তালুকদার। ভারত, পাকিস্তান, ইরাক, ইরান ও কুয়েত হয়ে সৌদি আরবে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তার। দীর্ঘ এই যাত্রায় সাইকেলেই ছয়টি দেশ পাড়ি দেওয়ার লক্ষ্য সজিবের।
সজিব বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই ভ্রমণের প্রতি আগ্রহ ছিল সজিবের। সময় পেলেই বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতেন তিনি। এইচএসসি পাসের পর ভ্রমণের প্রতি তার আগ্রহ আরও বাড়ে। ইতিমধ্যে সাইকেলে দেশের ৬৪ জেলা ঘোরার পাশাপাশি ১৭টি দেশ ভ্রমণ করেছেন বলে জানান তিনি। ভ্রমণের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে প্রকাশ করেন সজিব। এ কারণে ভ্রমণপ্রেমীদের কাছে তিনি ট্রাভেল ব্লগার হিসেবে পরিচিতি পেয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে বেলাব উপজেলার নিজ বাড়ি থেকে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন সজিব। পথে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে স্বাগত জানান। রাতে নরসিংদী শহরে অবস্থান করে পরদিন ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সজিবের পরিকল্পনা অনুযায়ী, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান ও কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন তিনি। এ জন্য কয়েকটি দেশের ভিসা সংগ্রহের কাজ চলছে বলেও জানান সজিব।
নিজের এই স্বপ্নের যাত্রা সম্পর্কে সজিব তালুকদার জানান, ছোটবেলার স্বপ্ন পূরণ করতেই পরিবারের সহযোগিতায় সাইকেলে পবিত্র মক্কা নগরীতে হজ পালনের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। ইতিমধ্যে তিনটি দেশের ভিসা পেয়েছেন। বাকি দেশগুলোর ভিসার জন্য সংশ্লিষ্ট দূতাবাসে ইমেইল করেছেন। যাত্রাপথেই সেগুলো পাওয়ার আশা করছেন তিনি।
সজিব বলেন, এই যাত্রার প্রস্তুতি হিসেবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাইকেলে ভ্রমণ করেছেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে সাইকেলটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। সঙ্গে তাঁবু, খাবার, ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

তিনি আরও বলেন, এলাকাবাসী, বন্ধু ও প্রবাসীদের কাছ থেকে পাওয়া উৎসাহ তার সবচেয়ে বড় শক্তি। এই যাত্রার মাধ্যমে বিভিন্ন দেশে বাংলাদেশের পতাকা ও দেশের সুনাম তুলে ধরতে চান তিনি। পাশাপাশি প্লাস্টিক ব্যবহারে পরিবেশের ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং জ্বালানিমুক্ত ও পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেলের গুরুত্ব তুলে ধরারও ইচ্ছা রয়েছে তার। যাত্রা সফলভাবে শেষ করতে পারলে ভবিষ্যতে বিশ্বভ্রমণে বের হওয়ার পরিকল্পনাও রয়েছে।
সজিবের বন্ধু রাজন জানান, ছোটবেলা থেকেই ভ্রমণের প্রতি সজিবের আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি সাইকেলে দেশের বিভিন্ন জেলা ঘুরেছেন। এবার পবিত্র উদ্দেশ্যে তার এই যাত্রা সফল হোক—এটাই তাদের প্রত্যাশা।
এলাকাবাসী মাওলানা রফিকুল ইসলাম বলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সজিব সাইকেলে করে হজ পালনের নিয়ত করেছেন। অতীতে মানুষ পায়ে হেঁটে কিংবা জাহাজে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজে যেতেন। সজিবের এই ইচ্ছা পূরণে তারা দোয়া করছেন।
সজিবের বাবা সালাউদ্দিন তালুকদার জানান, ছেলের ভ্রমণের প্রতি আগ্রহ দেখে তিনি কখনো বাধা দেননি। সজিব দেশের বিভিন্ন জেলা সাইকেলে ঘুরেছেন। এবার হজ পালনের উদ্দেশ্যে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। তার ছেলে যেন নিরাপদে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজ পালন শেষে সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি।
এ বিষয়ে বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, সজিবের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শিতার এটি একটি অনন্য দৃষ্টান্ত। তার দীর্ঘ সফর সফল ও নিরাপদ হোক—উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কামনা করেন তিনি।


