হবিগঞ্জে ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগ ঘিরে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও হট্টগোল করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে নিয়োগপ্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে একদল লোক ইউএনও কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। যোগ্যদের বাদ দিয়ে অনৈতিকভাবে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। তারা পুরো নিয়োগপ্রক্রিয়া স্থগিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনর্নিয়োগের দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেনননি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উপজেলা পরিষদে হট্টগোলের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনও কেউ লিখিত বা মৌখিকভাবে থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.png)


