logo
Advertisement

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কক্সবাজার
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার। ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দুর্ধর্ষ ছিনতাইকারী দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কস্তুরা ঘাটসংলগ্ন খুরুশকুল নতুন ব্রিজের মুখে গোলচত্বর এলাকার সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ার মো. ইমরান (২৬), মহেশখালীর পুটিবিলার বাসিন্দা ও বর্তমানে কক্সবাজার পৌরসভার রাখাইনপাড়ার বাসিন্দা মো. খোরশেদ আলম (২৮), কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈইল্ল্যাপাড়ার মো. আবু তাহের (৩৬) এবং একই ওয়ার্ডের বৈদ্যঘোনার বাসিন্দা সোহেল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত লোহার ছুরি, স্টিলের হাতলযুক্ত টিপ ছুরি ও দুটি চাপাতিসহ মোট পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার মো. ইমরানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মারধরসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। খোরশেদ আলমের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আবু তাহেরের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এছাড়া সোহেল ইসলামের বিরুদ্ধেও চেক জালিয়াতি, চুরি, হত্যাচেষ্টা, ভাঙচুর ও মারধরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হচ্ছে।