logo

বগুড়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের যৌথ শোভাযাত্রা

বগুড়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের যৌথ শোভাযাত্রা
আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের যৌথ শোভাযাত্রা। ছবি: এশিয়া পোস্ট

ফুটবল বিশ্বকাপ মানে সারা দেশে বিভক্ত হয়ে পড়েন সমর্থকরা। প্রিয় দলকে নিয়ে চলে তর্ক-বিতর্ক, খুনসুটি আর সামাজিক যোগাযোগমাধ্যমে বাগযুদ্ধ। সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে এবার সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা।

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বগুড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের যৌথ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নবাববাড়ি সড়ক, সাতমাথাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মাঠে এসে শেষ হয়।

র‍্যালির আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলতাফুন্নেছা খেলার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন আর্জেন্টিনা সমর্থকরা। সেখান থেকে শুরু হয় বর্ণিল শোভাযাত্রা।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে মাঠের লড়াই নিয়ে সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক থাকলেও সেটি যেন কখনও সামাজিক সম্প্রীতিতে প্রভাব না ফেলে, সে বার্তা পৌঁছে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন।

ব্যান্ডপার্টি, ঘোড়ার গাড়ি এবং বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ শোভাযাত্রায় অংশ নেন। সমর্থকরা নিজ-নিজ দলের পক্ষে স্লোগান দেন, গান পরিবেশন করেন এবং উৎসবমুখর পরিবেশে আনন্দ ভাগাভাগি করেন। তবে ব্রাজিল সমর্থকদের তুলনায় আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণ ছিল বেশি।

আর্জেন্টিনা সমর্থক ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, ফুটবল মানুষের আবেগ ও আনন্দের জায়গা। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটি কখনো বিভেদ সৃষ্টি করবে না। আমরা চাই খেলাকে কেন্দ্র করে বন্ধুত্ব, সম্প্রীতি ও ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ুক।

আর্জেন্টিনা সমর্থক সুজিত জয়সোয়াল বলেন, বগুড়ায় এই ধরনের যৌথ শোভাযাত্রা এই প্রথম। আমরা দেখাতে চেয়েছি, সমর্থন ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসা অটুট। বিশ্বকাপকে ঘিরে আনন্দই আমাদের মূল লক্ষ্য।

আরেক আর্জেন্টিনা সমর্থক মাহাবুব আলম জিয়ন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা যায়। কিন্তু বাস্তবে আমরা সবাই বন্ধু। সেই সম্প্রীতির বার্তাই এই আয়োজনের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি।

ব্রাজিল সমর্থক পরিমল প্রসাদ রাজ বলেন, ফুটবল বিশ্বকাপ মানেই উৎসব। সেই উৎসবকে আরও আনন্দময় করতে দুই দলের সমর্থকরা একসঙ্গে হয়েছি। খেলাকে ঘিরে সুস্থ প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো বিদ্বেষ নয়।

ব্রাজিল সমর্থক আব্দুল আওয়াল বলেন, আজকের আয়োজন প্রমাণ করেছে, ফুটবল মানুষকে শুধু প্রতিদ্বন্দ্বিতায় নয়, ঐক্যেও বেঁধে রাখতে পারে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম বাবু, মেহেরুল সুজন, অরুপ রতন, প্রতীক ওমর, শেখর রায়, সজল শেখ, শিশির মুস্তাফিজ, ববিন রহমান, তুহিন, অলোক পাল, সোবহানী বাপ্পীসহ আর্জেন্টিনা ও ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থক। বিশ্বকাপকে ঘিরে এই ব্যতিক্রমী আয়োজন বগুড়ার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।