Advertisement

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৯ পরিবারকে কোটি টাকা সহায়তা

এশিয়া পোস্ট নিউজ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৯ পরিবারকে কোটি টাকা সহায়তা
ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সদস্যদের হাতে ব্যাংক চেক তুলে দিচ্ছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৯টি ক্ষতিগ্রস্ত পরিবারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে এক কোটি ১ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর ও বিআরটিএ, লক্ষ্মীপুরের যৌথ আয়োজনে এ উপলক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ১৮টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৯০ লাখ টাকা এবং আহত ১১ জনকে ১ লাখ টাকা করে মোট ১১ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অনুদানের চেক তুলে দেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

চেক বিতরণ শেষে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে সরকার সব সময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তার পাশাপাশি তাদের পুনর্বাসনেও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুরের উন্নয়নে সরকার একাধিক বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। লক্ষ্মীপুর-চৌমুহনী ফোর লেন সড়ক, রেললাইন, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দিগন্তের সূচনা হবে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএ, লক্ষ্মীপুরের সহকারী পরিচালকসহ (ইঞ্জিনিয়ারিং) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।