logo
Advertisement

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ
মাদারীপুর সদর মডেল থানা। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরে একটি পরিত্যক্ত ঘরে মজুদ রাখা দুটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে। ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের বাসিন্দা আলমগীর নপ্তির পরিত্যক্ত ঘরে এ বিস্ফোরণ ঘটে।

বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তবে পরিত্যক্ত ঘরে কীভাবে হাতবোমা দুটি এলো এবং কারা এগুলো সেখানে মজুদ করে রেখেছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর নপ্তির পরিত্যক্ত ওই ঘরে দুটি হাতবোমা মজুদ করে রাখা ছিল। রাতে হঠাৎ করে বোমা দুটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থানে পরিদর্শন করেন। তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে এ ঘটনায় আলমগীর নপ্তি বলেন, আমার এই পরিত্যক্ত ঘরের ভেতরে কে বা কারা হাত বোমা রেখে গিয়েছিল, তা আমরা জানি না। বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা নতুন ঘর থেকে বের হই। পরে দেখি হাত বোমা বিস্ফোরণের গন্ধ। তবে যতটুকু গন্ধ শুনে বোঝা গেল এটা দীর্ঘদিন আগে থেকেই এখানে রেখেছিল কেউ। পরে বিষয়টা পুলিশকে জানালে পুলিশ এসে দেখে চলে গেছে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এশিয়া পোস্টকে বলেন, দীর্ঘ বছর যাবত আলমগীর নপ্তির পুরনো বা পরিত্যক্ত একটি ঘরে দুটি হাত বিস্ফোরণ হয়েছে। তবে ঘটনাস্থানে পরিদর্শন করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো আলামতও পাওয়া যায়নি। এতে বোমা বিস্ফোরণের প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।