সিরাজদিখানে আহত সেই বিএনপি নেতা মারা গেছেন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দ্রুতগতির পিকআপের ধাক্কায় গুরুতর আহত খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫) নামে এক বিএনপি নেতা মারা গেছেন। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর সকাল ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন খোরশেদ আলম। এতে তার মাথা, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিমতলা নিউ আইডিয়াল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডি-ল্যাবে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খোরশেদ আলমের আহত হওয়ার খবর পেয়ে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী হাসপাতালে উপস্থিত হন এবং তাকে দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
খোরশেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এম হায়দার আলী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত খোরশেদ আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
