logo

জেলের জালে ২০ কেজির কোরাল, বিক্রি হলো কত

জেলের জালে ২০ কেজির কোরাল, বিক্রি হলো কত
জেলের জালে ধরা পড়া ২০ কেজি ওজনের কোরাল মাছ। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের শরণখোলায় জেলের জালে ২০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ ধরা পড়েছে। সুন্দরবনের ভোলা নদীতে মাছ ধরার সময় জেলে জহুরুল হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি শরণখোলা বাজারে নিয়ে গেলে স্থানীয় মৎস্য আড়তদার শাহাদাত মুন্সী ৩৬ হাজার টাকায় কিনে নেন।

জানা গেছে, শরণখোলা গ্রামের জেলে জহুরুল হাওলাদার বন বিভাগের অনুমতি নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সুন্দরবনের ভোলা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার কিছুক্ষণ পর তিনি জালে অস্বাভাবিক টান অনুভব করেন। পরে জাল টেনে তুলতেই দেখতে পান, বিশাল আকৃতির একটি কোরাল মাছ আটকা পড়েছে। মাছটির ওজন মেপে দেখা যায়, সেটি ২০ কেজি।

বড় মাছ পেয়ে আনন্দিত জহুরুল দ্রুত মাছটি নিয়ে শরণখোলা বাজারে ফিরে আসেন। স্থানীয় মৎস্য আড়তদার শাহাদাত মুন্সী মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন।

মৎস্য ব্যবসায়ীরা জানান, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত এক মাসে সুন্দরবনের জেলেদের জালে ধরা পড়া মাছগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় কোরাল। বড় আকৃতির কোরাল মাছের চাহিদা বেশি থাকায় মাছটি ভালো দামে বিক্রি হয়েছে।

মাছের ক্রেতা শাহাদাত মুন্সী বলেন, গত এক মাসে সুন্দরবন থেকে আসা কোরাল ও অন্যান্য মাছের মধ্যে এটিই সবচেয়ে বড়। বড় আকৃতির কোরাল মাছের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া গেছে। আশা করছি, লাভজনক দামে বিক্রি করতে পারব।’

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, জেলের জালে ২০ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তিন মাসের নিষেধাজ্ঞার কারণে মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। ফলে বর্তমানে জেলেদের জাল ও বড়শিতে বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।