শনিবার দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় শনিবার (১৬ মে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি-এর রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য শনিবার রাজশাহীর বিহাস ফিডারের আওতাধীন বেশ কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
এদিন বিহাস ফিডারের (সম্পূর্ণ) আওতাধীন মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর।
অন্যদিকে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে রাজশাহী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বাঘা জোনাল অফিসের আওতায় সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
