logo

রাতে দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন হাছিনা, সকালে মিলল মরদেহ

রাতে দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন হাছিনা, সকালে মিলল মরদেহ
দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে কৃষিজমি থেকে এক নারীর মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: এশিয়া পোস্ট

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষিজমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাছিনা বেগম বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি ও তার স্বামী বালাপাড়া বাজারে একটি কনফেকশনারির দোকান পরিচালনা করতেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাজারের দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে তিনি স্বামীকে রাতের খাবার দেন। পরে বাড়ির পাশের এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াতে যাওয়ার জন্য বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

শুক্রবার সকাল আটটার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে স্থানীয় কয়েকজন মাছ ধরার ফাঁদ আনতে যান। সেখানে তারা হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।