logo

ডেঙ্গু রোগীর জ্বর কমার পর চার দিন পর্যবেক্ষণে রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু রোগীর জ্বর কমার পর চার দিন পর্যবেক্ষণে রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : এশিয়া পোস্ট

ডেঙ্গু আক্রান্ত রোগীর জ্বর কমে যাওয়ার পরের চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ সময়ে রোগীদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্লাজমা লিকেজের ঝুঁকি এড়াতে জ্বর কমে যাওয়ার পরও রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগী নিজে থেকে হাসপাতাল ছাড়তে চাইলে প্রয়োজনে নিরাপত্তার ব্যবস্থা করে হলেও তাকে চার দিন পর্যবেক্ষণে রাখতে হবে। এ বিষয়ে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু সম্পূর্ণ মশাবাহিত একটি রোগ। এর নির্দিষ্ট কোনো ওষুধ নেই, নির্ধারিত চিকিৎসা প্রটোকল অনুযায়ী রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। উপজেলা পর্যায় পর্যন্ত এ চিকিৎসা প্রটোকল সম্প্রসারণ করা হয়েছে।

ডেঙ্গু চিকিৎসায় স্যালাইনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, উপজেলা পর্যায়সহ দেশের সব সরকারি কেন্দ্রে পর্যাপ্ত স্যালাইন মজুত রয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণের কোনো সংকট হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রোগের একটি পর্যায়ে প্লাজমা লিকেজের জটিলতা তৈরি হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময়কালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।