জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শাখাওয়াত, সোহেল, আল-আমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও সুমন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, ফয়জুর, রিফাত ও মোস্তফা।
সাজাপ্রাপ্ত ও বাদীপক্ষের সবাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে শাখাওয়াত ও সোহেল নামের দুই আসামি চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার একটি পাটখেতে দুজনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর পুলিশ তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত যে রায় দিয়েছেন, তাতে রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্তুষ্ট।



