জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের কয়েল স্প্রিং ভেঙে ট্রেনটি বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শনিবার (২২ আগস্ট) সকালে জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পর বরেন্দ্র এক্সপ্রেসের (ট্রেন নম্বর ৭৩২) একটি যাত্রীবাহী কোচের কয়েল স্প্রিং ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি বিকল হয়ে পড়ায় পার্বতীপুর ও সান্তাহার জংশনসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
ট্রেনটি উদ্ধারে পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে খবর দেওয়া হয়েছে। পরে সেখান থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক।
তবে উদ্ধারকাজ শেষ করে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
ট্রেনটির পরিচালক আনোয়ার হোসেন বলেন, কোচের স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় চালক ও পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনে থাকা যাত্রীরা এতে নিরাপদে রয়েছেন।



