লক্ষ্মীপুরে সম্পত্তির জন্য মাকে পেটালেন ছেলে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য আকলিমা আক্তার রোজি নামের এক নারীকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে ছেলে রাজু হোসেনের বিরুদ্ধে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
এর আগে, রোববার (২৬ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত আকলিমা আক্তার রোজি দেওপাড়া এলাকার ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী। অভিযুক্ত রাজু তার প্রথম সংসারের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আকলিমা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজু তার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় একাধিকবার বিরোধও হয়। গত রোববার রাজু তার স্ত্রী তাসলিমাকে সঙ্গে নিয়ে এসে আবারও সম্পত্তির জন্য চাপ দেন। রাজি না হলে রাজু লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যান বলেও দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে কথা বলতে রাজু হোসেন ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, ঘটনাটি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)






