logo

ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে: গণপূর্ত প্রতিমন্ত্রী
পিরোজপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন। ছবি : এশিয়া পোস্ট

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিরোধী দলের কোনো বক্তব্য বা প্রতিবাদ দেখা যাচ্ছে না দাবি করে বিগত দিনের ‘ফ্যাসিস্ট’ ও ‘গুপ্ত শক্তি’ মিলেমিশে একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠিত হলেও বিরোধী পক্ষ সহযোগিতা না করে অসহযোগিতা করছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ককটেল বিস্ফোরণের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা দুঃখ প্রকাশ করছি। চারদিকে ককটেল বিস্ফোরণ হচ্ছে। কিন্তু আমাদের বিরোধী দলের কোনো মতামত বা বক্তব্য আমরা দেখছি না।

তিনি বলেন, এর কারণ একটাই। আমার মনে হচ্ছে, বিগত দিনের ফ্যাসিস্ট এবং এই গুপ্ত শক্তি একাকার হয়ে গেছে। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা আশা করব, তারা সঠিক পথে আসবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তারা সহযোগিতা করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৮ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। কিন্তু বিরোধী পক্ষ সহযোগিতা না করে অসহযোগিতা করছে, যা ‘খুব অন্যায়’।

তিনি বলেন, দেখা যাচ্ছে, তারা ফ্যাসিস্টদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। প্রতিবাদের ভাষাও নেই। টুকটাক ব্যাপারে প্রতিবাদ করলেও এ ধরনের ঘটনায় কোনো প্রতিবাদ নেই। তাহলে আমরা কী মনে করব?’

এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।