logo

গণহত্যা দিবসে গোপালগঞ্জে নানা আয়োজনে শহীদদের স্মরণ

গণহত্যা দিবসে গোপালগঞ্জে নানা আয়োজনে শহীদদের স্মরণ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় গোপালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুরুতে জেলা প্রশাসক আরিফ-উজ-জামান জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার (এসপি) হাবীবুল্লাহ জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার হাবীবউল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান বক্তব্য দেন।

এছাড়া মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, থানার পরিদর্শক মতিয়ার মোল্লা, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি ছিরু মিয়া ও বীর মুক্তিযোদ্ধা ফায়েকুজ্জামান মোল্লাসহ অনেকে বক্তব্য দেন।

কোটালীপাড়া, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগেও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।