logo

হেডাম দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

হেডাম দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন
ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত সচেতনতামূলক সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : ভিডিও থেকে নেওয়া

চাঁদাবাজি, জুলুম, নির্যাতন ও সালিশ-বাণিজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, কেউ নিজের ‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না। দলের মধ্যে গ্রুপিং ও বিশ্বাসঘাতকতাও বরদাশত করা হবে না।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, মাদক ও জুয়া বন্ধে বিভিন্ন ইউনিয়নে সচেতনতামূলক সমাবেশ করা হচ্ছে। কিন্তু দলীয় গ্রুপিংয়ের কারণে আজকের সমাবেশে কেউ কেউ অসহযোগিতা করছেন। দলের মধ্যে কোনো গ্রুপিং করা যাবে না। দল এখন ক্ষমতায় থাকায় বিএনপিতে যোগ দিতে আগ্রহী মানুষের অভাব হবে না। তবে দলের মধ্যে থেকে যারা বিশ্বাসঘাতকতা করবেন, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিগত নির্বাচনে আমার সঙ্গে থেকেও যারা বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের আমি চিনি। তারা কখনোই আমার কাছে প্রশ্রয় পাবেন না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আপনারা গ্রুপিং করলে লাভবান হবে জামায়াত। তারা এই সুযোগে ফায়দা লুটবে। আমি কোনো বিভাজন চাই না, চাই ঐক্য।

আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলের মধ্যে গ্রুপিং থাকলে নেতাকর্মীদের পাশাপাশি দলও ক্ষতিগ্রস্ত হবে। এমন পরিস্থিতি হতে দেওয়া হবে না।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।

এ ছাড়া বিএনপি নেতা তবিবর রহমান মিনি, মশিয়ার রহমান, ডা. নুরুল ইসলাম, হাফিজুর রহমান, ইসরাইল হোসেন ও ইলিয়াস রহমান মিঠুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট