logo

বাথরুমে মিলল যুক্তরাষ্ট্রপ্রবাসীর রক্তাক্ত মরদেহ

বাথরুমে মিলল যুক্তরাষ্ট্রপ্রবাসীর রক্তাক্ত মরদেহ
যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার বাথরুম থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) কায়স্থরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মো. নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি মৃত আব্দুল গফুরের ছেলে। ওই বাসায় তিনি ও তার স্ত্রী বসবাস করতেন। শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলার বাথরুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পেছনের রহস্য উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।